গোপনীয়তা নীতি
শোরগোল খেলতে লগইন লাগে না। আমরা যত কম পারি তত কম তথ্য রাখি, আর যা রাখি তা কিছুদিন পর নিজে থেকেই মুছে যায়। এখানে সবকিছু খোলাখুলি লেখা আছে।
সংক্ষেপে
- কোনো অ্যাকাউন্ট নেই। নাম, ফোন নম্বর, ইমেইল বা ছবি চাই না।
- বেশিরভাগ খেলায় শুধু বেনামি হিসাব রাখি, যেমন “আরও একজন মিমি চকলেটে টিক দিয়েছে”।
- বন্ধুদের সাথে খেলার লিংকে যে নাম আর উত্তর দাও, শুধু সেগুলো রাখি, আর লিংকের মেয়াদ শেষ হলে (৭ থেকে ৩০ দিন) মুছে ফেলি।
- তোমার আইপি ঠিকানা কোথাও লিখে রাখি না। কার্ডের ছবি তোমার ফোনেই তৈরি হয়, আমাদের কাছে আসে না।
- বিজ্ঞাপনের জন্য কোনো তথ্য বিক্রি বা শেয়ার করি না। খেলোয়াড়দের জন্য কোনো ট্র্যাকিং কুকি নেই।
আমরা কে
শোরগোল (shorgol.me) চালায় শোরগোল, ঢাকা, বাংলাদেশ। এই নীতিতে “আমরা” মানে শোরগোল, আর “তুমি” মানে যে সাইটটা বা অ্যান্ড্রয়েড অ্যাপটা ব্যবহার করছে। অ্যাপটা আসলে এই একই সাইট, তাই এই নীতি দুটোতেই খাটে।
কোন তথ্য রাখি
সব খেলায়: বেনামি হিসাব
খেলা শেষে কয়েকটা সংখ্যা যোগ হয়: কতজন খেলেছে, কোন উত্তর কতজন বেছেছে, কোন জেলা কতজন বেছেছে, কতজন শেয়ার বাটন চেপেছে। এই হিসাবে কে খেলেছে তা থাকে না। এখান থেকেই কার্ডে লেখা হয় “মাত্র ৬% মানুষের এই স্মৃতি আছে”। কোনো উত্তরে অন্তত ৩০০ জন না খেললে আমরা শতাংশ দেখাই না।
কিছু খেলায় একটু বাড়তি বেনামি তথ্য থাকে: “কই থেকে তুমি?” খেলায় তুমি চাইলে বলতে পারো আসলে কোন অঞ্চলের, আর “বয়সচোর” খেলায় বলতে পারো অনুমানটা কতটা কাছাকাছি হলো (যেমন “১–২ বছর এদিক-ওদিক”)। এগুলো খেলাগুলোকে আরও ঠিকঠাক করতে কাজে লাগে। জন্মতারিখ কখনো চাই না।
বন্ধুদের সাথে খেলার লিংক
“কে আমাকে সবচেয়ে ভালো চেনে?”, “এই ট্যুর কি আদৌ হবে?” বা “আমাদের গ্রুপে কে কোনটা?”-এর মতো লিংকের খেলায় আর প্র্যাংকগুলোতে কেউ একটা লিংক বানায়, বন্ধুরা সেখানে খেলে। কে কী বলল দেখানোর জন্য এখানে আমাদের রাখতে হয়:
- লিংক যে বানিয়েছে তার দেওয়া নাম আর তার নিজের উত্তর;
- যারা খেলেছে তাদের দেওয়া নাম (কিছু খেলায় নাম লাগেই না), তাদের উত্তর আর কখন উত্তর দিয়েছে;
- একটা গোপন চাবির হ্যাশ, যেটা দিয়ে বোঝা যায় লিংকটা কার, আর প্রতিটা উত্তরের একটা টোকেনের হ্যাশ, যাতে যে উত্তর দিয়েছে সে নিজেই মুছতে পারে। চাবিটা নিজে আমরা রাখি না।
- লিংকটা অন্য কোনো লিংক থেকে বানানো হয়েছে কি না, শুধু সেই তথ্য (খেলাটা কতদূর ছড়াচ্ছে তা মাপতে)।
নাম যেকোনো কিছু হতে পারে, আসল নাম হওয়ার দরকার নেই। নামে লিংক বা ইমোজি দেওয়া যায় না, আর কেউ নিজে থেকে লম্বা লেখা লিখতে পারে না।
প্র্যাংক
ভালোবাসার ক্যালকুলেটরে যে দুটো নাম লেখা হয়, লিংকের মালিক সেটা দেখে পাঁচ মিনিট পরে। যে লিখেছে সে লেখার সাথে সাথেই জেনে যায় এটা প্র্যাংক, আর মালিক কী দেখবে, আর চাইলে ওই পাঁচ মিনিটের মধ্যে মুছে দিতে পারে। “শোরগোল খবর”-এর সব খবর আমাদের বানানো আর মজার; কেউ নিজে খবর লিখতে পারে না, আর পাতাটা দশ সেকেন্ডের মধ্যে নিজেই বলে দেয় এটা প্র্যাংক।
নোটিফিকেশন
লিংকের মালিক চাইলে নোটিফিকেশন চালু করতে পারে, যাতে কেউ উত্তর দিলে জানতে পারে। তখন তোমার ব্রাউজার একটা “পুশ সাবস্ক্রিপশন” দেয় (একটা ঠিকানা, যেখানে নোটিফিকেশন পাঠানো যায়)। সেটা ওই লিংকের সাথে রাখা হয় আর লিংকের সাথেই মুছে যায়। এটা তোমার পরিচয় বলে না।
রিপোর্ট
কেউ কোনো লিংক রিপোর্ট করলে আমরা রাখি কোন কারণটা বেছেছে, কখন, আর একটা গোপন চাবি দিয়ে বানানো হ্যাশ, যাতে একই মানুষ একটা লিংক বারবার রিপোর্ট করতে না পারে। এই হ্যাশ থেকে তোমার ঠিকানা বের করা যায় না।
সাইট কীভাবে চলছে তার হিসাব
সাইট ঠিকঠাক চালাতে আমরা প্রতিদিনের মোট সংখ্যা রাখি: কয়টা পাতা দেখা হলো, কতজন এলো, তারা কোথা থেকে এলো (যেমন ফেসবুক, গুগল বা সরাসরি), আর কী দিয়ে এলো (যেমন অ্যান্ড্রয়েড, আইফোন বা কম্পিউটার)। কোন পাতা থেকে এসেছে তার পুরো ঠিকানা রাখি না, শুধু এই মোটা দাগের নামটুকু।
একই দিনে একজন একবারই গোনা হবে, তাই তোমার ঠিকানা আর ব্রাউজারের নাম মিলিয়ে একটা হ্যাশ বানানো হয়, এমন একটা গোপন চাবি দিয়ে যেটা শুধু সার্ভারের মেমরিতে থাকে আর প্রতিদিন বদলে যায়। এই হ্যাশ কখনো ডিস্কে লেখা হয় না, আর দিন শেষে কোনো কাজেরও থাকে না।
যা কখনো রাখি না
- ফোন নম্বর, ইমেইল, জন্মতারিখ, ঠিকানা বা কোনো সরকারি পরিচয়।
- তোমার ছবি। কার্ডের ছবি তোমার ফোনেই তৈরি হয়, আমাদের সার্ভারে আসে না।
- আইপি ঠিকানা। এটা শুধু মেমরিতে কয়েক মিনিট কাজে লাগে, যাতে কেউ স্ক্রিপ্ট চালিয়ে হাজারবার একই কাজ করতে না পারে।
- তোমার অবস্থান, ফোনের কন্টাক্ট বা অন্য অ্যাপের তথ্য।
- বিজ্ঞাপনের আইডি বা অন্য কোনো সাইটের ট্র্যাকার। সাইটে বাইরের কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং স্ক্রিপ্ট নেই, ফন্টগুলোও আমাদের নিজেদের সার্ভার থেকে আসে।
তোমার ফোনে যা থাকে
খেলোয়াড়দের জন্য আমরা কোনো কুকি ব্যবহার করি না। কিছু জিনিস তোমার ব্রাউজারের নিজের স্টোরেজে (localStorage আর sessionStorage) থাকে, শুধু তোমার ফোনেই:
- তোমার বানানো লিংকের চাবি, যাতে পরে এসে উত্তরগুলো দেখতে পারো;
- তোমার দেওয়া উত্তরের টোকেন, যাতে চাইলে মুছতে পারো;
- একই খেলা একবারে দুবার গোনা না হয় তার একটা চিহ্ন, আর ভিজিটটা নতুন কি না তার চিহ্ন।
ব্রাউজারের ডেটা মুছে দিলে এগুলোও মুছে যায়। শুধু যারা শোরগোলের অ্যাডমিন প্যানেলে লগইন করে, তাদের জন্য একটা লগইন কুকি থাকে।
কতদিন রাখি
| কী | কতদিন |
|---|---|
| ভালোবাসার ক্যালকুলেটরের লিংক আর তার নামগুলো | ৭ দিন |
| শোরগোল খবর আর বকেয়া নোটিশের লিংক | ১৪ দিন |
| অন্য সব বন্ধুদের লিংক, তার নাম আর উত্তর | ৩০ দিন |
| নোটিফিকেশনের সাবস্ক্রিপশন | লিংকের সাথে মুছে যায় |
| রিপোর্ট | লিংকের সাথে মুছে যায় |
| বেনামি খেলার হিসাব আর প্রতিদিনের মোট সংখ্যা | যতদিন সাইট চলে (কারও সাথে যুক্ত নয়) |
| একই দিনে একজনকে একবার গোনার হ্যাশ | শুধু সেদিন, শুধু মেমরিতে |
| রেট-লিমিটের জন্য আইপি | কয়েক মিনিট থেকে এক দিন, শুধু মেমরিতে |
মেয়াদ শেষ হওয়ার আগে লিংকের মালিক যেকোনো সময় পুরো লিংক মুছে দিতে পারে, আর যে কেউ নিজের উত্তর মুছতে পারে।
কে দেখতে পায়
- লিংকের মালিক দেখে কে কী উত্তর দিয়েছে, খেলার নিয়ম অনুযায়ী। কিছু খেলায় উত্তর নামহীন থাকে।
- কিছু খেলায় লিংকে যারা খেলে তারা একটা লিডারবোর্ড দেখে; সেখানে নাম দেখাবে কি না, খেলার সময় তুমি বেছে নিতে পারো।
- শোরগোলের অ্যাডমিনরা মোট হিসাব দেখে। রিপোর্ট হওয়া লিংক যাচাই করতে তারা লিংকটা ঠিক ততটুকু দেখে যতটুকু যে কেউ খুললে দেখে (বানানোর নাম আর খেলার নাম), কারও উত্তর নয়।
- আইন অনুযায়ী কোনো কর্তৃপক্ষ বৈধভাবে চাইলে আমাদের কাছে যা আছে তা দিতে হতে পারে। আমাদের কাছে যত কম থাকে, দেওয়ার মতোও তত কম থাকে।
আমরা কারও তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাদের দিই না।
অন্য যাদের কাছে যায়
- সার্ভার আর নেটওয়ার্ক: সাইটটা একটা ভাড়া করা সার্ভারে চলে, আর দ্রুত চালানোর জন্য মাঝখানে একটা কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থাকতে পারে। তারা শুধু সাইট পৌঁছে দেওয়ার কাজটুকু করে।
- নোটিফিকেশন: নোটিফিকেশন পৌঁছায় তোমার ব্রাউজারের নিজের পুশ সার্ভিস দিয়ে (যেমন অ্যান্ড্রয়েডে গুগল)। বার্তাটা এনক্রিপ্ট করা থাকে।
- শেয়ার করলে: ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার বাটন চাপলে তাদের সাইট খোলে, তখন তাদের নিজেদের নীতি খাটে। কী শেয়ার করবে তা তুমিই ঠিক করো।
- অ্যান্ড্রয়েড অ্যাপ: অ্যাপটা গুগল প্লে থেকে নামালে গুগল প্লের নিজের নীতি খাটে। অ্যাপের ভেতরে শোরগোল নিজে বাড়তি কোনো তথ্য নেয় না।
শিশু-কিশোর
শোরগোল সবার জন্য মজার খেলা, তবে 13 বছরের কম বয়সীদের জন্য বানানো নয়। 13 বছরের কম হলে বাবা-মা বা অভিভাবকের সাথে খেলো। আমরা জেনেশুনে শিশুদের কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য নিই না। কোনো শিশুর নাম বা তথ্য ভুল করে কোনো লিংকে থেকে গেছে মনে হলে আমাদের জানাও, মুছে দেবো।
তোমার হাতে যা আছে
- নিজের দেওয়া উত্তর যেকোনো সময় মুছতে পারো, লিংকের পাতা থেকেই।
- নিজের বানানো লিংক বা তার যেকোনো উত্তর মুছতে পারো, লিংকের ইনবক্স থেকে।
- নোটিফিকেশন যেকোনো সময় বন্ধ করতে পারো।
- কোনো লিংকে তোমার নাম বা তোমার সম্পর্কে কিছু আছে আর তুমি চাও সেটা সরে যাক, পাতার নিচের “রিপোর্ট করো” চাপো বা আমাদের লেখো।
- আমাদের কাছে তোমার সম্পর্কে কী আছে জানতে চাইলে, বা কিছু মুছতে চাইলে, [email protected]-এ লেখো। যেহেতু অ্যাকাউন্ট নেই, কোন লিংকের কথা বলছো সেটা জানালে খুঁজে পেতে সুবিধা হয়।
নিরাপত্তা
পুরো সাইট এইচটিটিপিএস দিয়ে চলে। লিংকের চাবি আর উত্তরের টোকেন আমরা শুধু হ্যাশ করে রাখি, তাই ডেটাবেস কারও হাতে গেলেও সেগুলো দিয়ে কারও লিংক চালানো যাবে না। অ্যাডমিন প্যানেলে ঢুকতে পাসওয়ার্ড লাগে, আর কে কী বদলেছে তার হিসাব থাকে। তবু ইন্টারনেটে কোনো কিছুই শতভাগ নিরাপদ নয়, তাই লিংকে খুব ব্যক্তিগত কিছু লিখো না।
এই নীতি বদলালে
নতুন খেলা এলে বা কিছু বদলালে এই পাতাও বদলাবে, আর ওপরের তারিখটা নতুন হবে। বড় কোনো পরিবর্তন হলে, যেমন নতুন ধরনের তথ্য রাখতে শুরু করলে, সাইটে আলাদা করে জানিয়ে দেবো।
যোগাযোগ
প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে লেখো [email protected]-এ। আরও উপায় আছে যোগাযোগ পাতায়। ইংরেজি আর বাংলা সংস্করণে কোনো অমিল থাকলে বাংলাটা ধরা হবে।